ভেজালবিরোধী কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৬ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে কমিটিকে আগামী এক মাসের মধ্যে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, কমিটিতে রয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনায় নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তারা জেলাপর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোর দাবি জানান। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ‘সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’ একই সঙ্গে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদের দায়িত্বশীল আচরণও দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গুলশান লেকের পরিচ্ছন্নতার উদাহরণ দিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।