কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাসেম ওরফে মইগ্যা হাসেম (৪৭)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৩ জুলাই) বিকেল প্রায় ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার লাবনী বিচ এলাকায় অভিযান চালিয়ে হাসেমকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বহু মানুষ আহত হন। এ সময় সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র্যাব। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হাসেম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার মৃত নুর আহমদের ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে আগে থেকেই মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। বর্তমানে কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, পলাতক আসামিদের গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।