কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শুক্রবার (৩ জুলাই) র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র্যাব-১৫-এর সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাস্টার শুক্কুর আলম রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/৪-এর বাসিন্দা এবং মোহাম্মদ ইলিয়াসের ছেলে। তিনি উখিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটিতে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।