রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। একই সময়ে অধিকাংশ মাছের দামও চড়া থাকায় সাধারণ ক্রেতাদের ব্যয় আরও বেড়েছে। তবে গরুর মাংস ও ডিমের দামে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে আকার ও মানভেদে রুই মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
চিংড়ি মাছের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। জাত ও আকারভেদে প্রতি কেজি চিংড়ির দাম ৫৫০ থেকে ৯০০ টাকার মধ্যে রয়েছে। বড় আকারের কিছু চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। সাদা ব্রয়লার ডিমের ডজন ১০০ টাকা এবং ব্রাউন ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকা রয়েছে।
ধানমন্ডির বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে ২০০ টাকার নিচে ভালো মাছ পাওয়া কঠিন। চাষের মাছ কিছুটা কম দামে মিললেও সামুদ্রিক মাছ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
ডিম বিক্রেতা মাসুম জানান, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। আগে যেখানে ডজনপ্রতি ১২৫ থেকে ১৩০ টাকা ছিল, এখন সাদা ডিম ১০০ টাকা এবং ব্রাউন ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা নাসরিন আক্তার বলেন, মাছের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় মাছ কিনতেও এখন আগের তুলনায় বেশি টাকা গুনতে হচ্ছে।
রায়েরবাজারের মাছ বিক্রেতা আব্দুল কাদের বলেন, মাছের দাম মূলত সরবরাহের ওপর নির্ভর করে। বর্তমানে চিংড়ির সরবরাহ কম থাকায় এর দাম বেশি। বর্ষাকালে নদীর মাছের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মুরগি বিক্রেতা মো. সোহেল জানান, ব্রয়লার মুরগির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।