কৃষক দল নেতা মাসুদ রানার বিচার ও শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার৷
সরকারি জমি দখল ও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কৃষক দল নেতা ও কথিত ভূমিদস্যু মাসুদ রানার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সচেতন সাংবাদিক সমাজ ও ভুক্তভোগী সাধারণ জনগণ।
আজ ২৩ আগস্ট ২০২৬, রবিবার সকাল ১১ ঘটিকায় গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মাসুদ রানা সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিকরা উক্ত ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে অভিযুক্ত ও তার লোকজন সাংবাদিকদের জিম্মি করে ফেলে। পরবর্তীতে তারা সাংবাদিকদের ' ভুয়া সাংবাদিক' আখ্যা দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে এবং সরাসরি প্রাণনাশের হুমকি প্রদান করে।
কর্মসূচি থেকে উপস্থিত সাংবাদিক ও সাধারণ জনগণ অন্যায়কারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “দুর্নীতিবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নয়”। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাসুদ রানার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা ও বিচারের দাবি জানান তারা।
মানববন্ধনটি ‘সচেতন সাংবাদিক সমাজ ও ভুক্তভোগী সাধারণ জনগণ’-এর আয়োজনে এবং ‘দৈনিক গ্রাম বাংলার আলো’র সৌজন্যে সম্পন্ন হয়।