দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন চলাচল আবারও শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এবার সেই স্থবিরতা কাটিয়ে পুনরায় ট্রেন চালুর প্রস্তুতি শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর কাজ এগিয়ে চলছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় রেল মন্ত্রণালয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তারা ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকের পর মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।
ইতোমধ্যে রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
এরই মধ্যে গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় চালু করা হতে পারে।