ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোঁর ইউনিয়নের দোশিয়া-বুড়িপুকুর এলাকায় বন্য প্রাণীর আকস্মিক হামলায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতের দিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, আরও কেউ আহত হয়ে থাকতে পারেন।
স্থানীয় সূত্র জানায়, রাতের খাবার শেষে কেউ বাড়ির উঠানে, কেউ আবার পাশের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অন্ধকারের মধ্যে একটি বন্য প্রাণী আচমকা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি কয়েকজনকে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে আহত করে দ্রুত স্থান পরিবর্তন করতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় প্রাণীটি কয়েকটি বাড়িতেও ঢুকে পড়ে। সেখানে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও আক্রমণ চালায়। এতে মুহূর্তেই এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আহতদের মধ্যে রয়েছেন বুড়িপুকুর গ্রামের ময়রমা (৭৫), জমেলা (৭০), মকবুল, মশিউর ও আরিফসহ আরও কয়েকজন। স্থানীয় সাংবাদিক মামুন জানান, প্রাণীটিকে প্রথমে অনেকে শেয়াল ভেবেছিলেন। পরে ধারাবাহিকভাবে একাধিক ব্যক্তির ওপর হামলার পর এলাকাবাসী বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন।
ঘটনার পর গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে প্রাণীটিকে ধাওয়া করলে সেটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের একটি অংশের দাবি, হামলাকারী প্রাণীটি হায়না ছিল। তবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা।
আহতদের দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, আহতদের ক্ষতচিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্য প্রাণীর আক্রমণ হতে পারে। আক্রান্তদের অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যাদের আঘাত গুরুতর, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের পাশাপাশি অ্যান্টি-র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলাকারী প্রাণীটির সন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।