গাইবান্ধার পলাশবাড়ীতে জীবিত দুই নারীকে মৃত দেখিয়ে জমির দলিল সম্পাদন ও তাঁদের জমি অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে শামছুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি পলাশবাড়ী পৌর এলাকার হরিণমারী গ্রামের মৃত কাওছার উদ্দিন আহমেদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের হরিণমারী মৌজার ছামছুন্নাহার ও ছালমা বেগমকে মৃত দেখিয়ে জমির দলিল সম্পাদন এবং তাঁদের জমি নিজের দখলে নেওয়ার অভিযোগ উঠেছে শামছুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শামছুল আলম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাঁর ভাষ্য, ওয়ারিশ শরিকদের সঙ্গে জমিজমা নিয়ে নিম্ন ও উচ্চ আদালতে চারটি মামলা চলমান রয়েছে, যা বর্তমানে বিচারাধীন। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সুনাম ক্ষুণ্ন করতে প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।