দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাচদহ থেকে খালাস পীরজাইত সড়কের মুনাইল টিওরমারী এলাকায় চলন্ত অটোরিকশার ওপর রাস্তার পাশের একটি গাছ উপড়ে পড়ে অটোরিকশা চালক আব্দুল গফুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই ২০২৬) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গফুর তার অটোরিকশা নিয়ে কাচদহ থেকে খালাস পীরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মুনাইল টিওরমারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি বড় গাছ হঠাৎ উপড়ে অটোরিকশার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধার করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কের ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।