বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতি প্রার্থী মিজানুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে ঘুরে আসে। এরপর আনন্দ মিছিলটি ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পৌর যুবদলের নেতা আহসান হাবিব জিয়ন, আব্দুর গফুর, সুমন মিয়া, হৃদয় হাসানসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দ, গৌরব ও অনুপ্রেরণার দিন। শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে চাই। ঈশ্বরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, আমি ঈশ্বরগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে নেতাকর্মীদের পাশে থাকতে চাই। দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করি।
আনন্দ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন আয়োজক ও অংশগ্রহণকারী নেতাকর্মীরা।