বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কেউ অপরাধ করলে কোনোভাবেই পার পাবে না।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।