আধুনিক সাংবাদিকতার নানা দিক নিয়ে তিন দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক রূপালী সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন।
কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা গত ২, ৩ ও ৪ জুলাই ২০২৬ কক্সবাজারের ওয়াস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫০ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. এনায়েত করিম। প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ড. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন।
সমাপনী পর্বে প্রধান অতিথি, প্রধান বক্তা ও প্রধান প্রশিক্ষকসহ আমন্ত্রিত অতিথিদের হাত থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন নুরুল হোসাইন।
তিন দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারীরা আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, ডিজিটাল নিরাপত্তা, সংবাদ উপস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং সাংবাদিকতার পেশাগত নৈতিকতা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করেন।
সনদ গ্রহণের পর নুরুল হোসাইন বলেন, “সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন দ্রুত বদলে যাচ্ছে। তাই দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এখানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে কাজে লাগানোর চেষ্টা করব।”
তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হলে দেশের সাংবাদিকতা আরও সমৃদ্ধ ও পেশাদার হয়ে উঠবে।