দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি আয়োজন ফিনিক্স সামিট ঢাকা ২০২৬-এ "বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব ইন বাংলাদেশ ২০২৬" সম্মাননা অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাইবার সিকিউরিটি ক্লাব। ২৬ ও ২৭ জুন রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সামিটে দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাইবার সিকিউরিটি ক্লাবগুলোর মধ্য থেকে এই স্বীকৃতি পায় ক্লাবটি।
দ্য টিম ফিনিক্স গ্রুপ আয়োজিত এই সামিট অনুষ্ঠিত হয় "ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনমিজ" প্রতিপাদ্যকে সামনে রেখে। ২৩ থেকে ২৭ জুন পাঁচ দিনব্যাপী আয়োজনে কর্মশালা, কারিগরি অধিবেশন, প্যানেল আলোচনা ও প্রদর্শনীতে অংশ নেন সরকারি প্রতিনিধি, শিল্প খাতের নেতা, গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা পেশাজীবীরা।
ক্লাবের সদস্যরা সামিটের কারিগরি অধিবেশনগুলোতে অংশ নেন, যেখানে রেড টিম ও ব্লু টিম অপারেশন, থ্রেট ইন্টেলিজেন্স, ক্লাউড সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি ও ইনসিডেন্ট রেসপন্সসহ নানা বিষয় উঠে আসে। পাশাপাশি জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান তাঁরা।
সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর হাত থেকেই "বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব ইন বাংলাদেশ ২০২৬" সম্মাননা গ্রহণ করেন জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাবের বর্তমান সভাপতি মোঃ খাইরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এ এস এম শামীম রেজা, থিম্পু টেকপার্কের চিফ প্রোগ্রাম অফিসার কিনলে শেরিং, অ্যাক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল হোসেন নোবেল এবং রয়্যাল হলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডনের সাইবার সিকিউরিটি ডিরেক্টর ফাউজিয়া ইদ্রিসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, "এই স্বীকৃতি আমাদের প্রতিটি সদস্যের পরিশ্রম, দলগত প্রচেষ্টা এবং সাইবার নিরাপত্তা সচেতনতা ও কমিউনিটি উন্নয়নে আমাদের অবদানের ফল। এটি আমাদের আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।"
ক্লাবের কার্যনির্বাহী সদস্যরা বলেন, ফিনিক্স সামিটের মতো একটি জাতীয় মঞ্চে নিজেদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে এবং এই সম্মাননা অর্জন করতে পেরে আমরা গর্বিত। এই অর্জন পুরো ক্লাবের এবং আমাদের পুরো সিএসই ডিপার্টমেন্টের।
জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব শুরু থেকেই বিশ্ববিদ্যালয় ও আশপাশের কমিউনিটিতে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ আয়োজন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। এই স্বীকৃতি ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন গতি যোগ করবে বলে আশা করছেন সদস্যরা।