ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের Faculty of Agriculture এবং Research Center for Thermotolerant Microbial Resources-এর মধ্যে গবেষণা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিভাগের ইবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল এবং ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এগ্রিকালচারের ডিন অধ্যাপক ড. ইয়াসুওমি ইবারাকি চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর থার্মোটলারেন্ট মাইক্রোবিয়াল রিসোর্সেসের পরিচালক অধ্যাপক ড. হিসাশি হোশিদা এতে স্বাক্ষর করেন।চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন ইবির মাইক্রোবিয়াল বায়োফিল্ম অ্যান্ড মলিকিউলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি-এর প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম এবং ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিরোয়ুকি আজাকামি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী, অধ্যাপক ড. এ. কে. এম. নাজমুল হুদা, সহযোগী অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. মো. রেজাউল করিম।সমঝোতা স্মারকের আওতায় জীবপ্রযুক্তি, অণুজীববিজ্ঞান, জৈবরসায়ন, আণবিক জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, বায়োইনফরমেটিকস ও কৃষিবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণা পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও গবেষক বিনিময়, গবেষণা অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়, মানবসম্পদ উন্নয়ন এবং সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় দুই প্রতিষ্ঠান সহযোগিতা করবে।চুক্তি অনুযায়ী ভবিষ্যতে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজনেরও সুযোগ থাকবে। বিভাগীয় শিক্ষকরা এ চুক্তিকে আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ইবির অংশগ্রহণ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন