•করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা
•কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল
•বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের কর কমে ৫ শতাংশ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন বাজেট কার্যকর হবে। নতুন অর্থবছরের বাজেটে করব্যবস্থা, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে কণ্ঠভোটে বাজেটটি পাস হয়।
এর আগে সোমবার (২৯ জুন) কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস করে সংসদ। সংশোধিত অর্থবিল অনুযায়ী, ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। আবাসন খাতে কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা বিনিয়োগের সুযোগ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।