যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের কেশবপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।শনিবার (২১ নভেম্বর) কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস)-এর উদ্যোগে কেশবপুর মুক্তিযোদ্ধা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেন। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদান ও সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে কেশবপুর উপজেলার সেনা, নৌ ও বিমানবাহিনীর শতাধিক অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ রফিকুল ইসলাম। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু। শেষে উপস্থিত সবার অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।