সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারসোনতলা এলাকায় এখন বইছে পাট ধোয়া, ছাড়ানো ও শুকানোর উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জলাশয় ও নদী-নালার পানিতে নেমে দিনভর কায়িক পরিশ্রমে পচানো পাটগাছ থেকে আঁশ আলাদা করায় ব্যস্ত সময় পার করেছেন এলাকার কৃষক ও কৃষি শ্রমিকেরা। উল্লাপাড়ার পারসোনতলা এলাকার একটি জলাশয়ে হাঁটু থেকে কোমর পানিতে নেমে বেশ কয়েকজন কৃষক পরম যত্নে পচানো পাট থেকে আশ ছাড়াচ্ছেন। আঁশ আলাদা করার পর তা পরিচ্ছন্ন পানিতে ধুয়ে নদীর ঢাল ও পাড়ে শুকাতে দেওয়া হচ্ছে। পারসোনতলা ও এর আশপাশের অঞ্চলে প্রতি বছরই প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়। পাট কাটার পর তা নির্দিষ্ট সময় পানিতে পচিয়ে এই ঐতিহ্যবাহী পদ্ধতিতে আঁশ সংগ্রহ করা হয়। উল্লাপাড়ার কৃষকদের মতে, সঠিক সময়ে পানি পাওয়া এবং পাটের সঠিক দাম নিশ্চিত হলে এই অঞ্চলের সোনালী আঁশের ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। স্থানীয় প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং ঐতিহ্যবাহী সোনালী আঁশের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক সাড়া পেয়েছেন। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুর্বণা ইয়াসমিন সুমীর কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, এই বছরে ১৬৭১ হেক্টর পাট চাষ করা হয়েছে।