সিরাজগঞ্জের তাড়াশে বাসের চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে তাড়াশ উপজেলার হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় আশা হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত জসিম উদ্দিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন,নিহত জসিম উদ্দিন মোবাইল ফোনে কথা বলতে বলতে মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময়ে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই সময়ে দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। তিনি আরো জানিয়েছেন,খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।