নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ এক লাখ ৫০ হাজার টাকা, ৫২টি তাস ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা একটি ফোনে অনলাইন জুয়ার দুটি অ্যাপ পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে সিংড়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।
পুলিশ জানায়, সিংড়া থানার এসআই বেল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় কয়েকজনকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ১২ নভেম্বর থানায় মামলা নম্বর ১৭ দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় মামলাটি করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।