নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের প্রত্যন্ত বিলদহর গ্রামের মৎস্যজীবী পাড়ায় বহুল প্রতীক্ষিত কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির বিশেষ বরাদ্দ থেকে এ সংস্কার প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে বরাদ্দকৃত ১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে মৎস্যজীবী পাড়ার আকবর মাস্টারের বাড়ি থেকে দুলাল হালদারের বাড়ি পর্যন্ত ৩৩ মিটার কাঁচা রাস্তায় এইচবিবি (হেরিং বোন বন্ড) সংস্কার কাজ করা হচ্ছে।
সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ৫নং চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের ফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নুর নবী ফারুক তারা বলেন, জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি সিংড়ার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং অবহেলিত এলাকাগুলোর কাঙ্ক্ষিত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিলদহর গ্রামের মৎস্যজীবী পাড়ার এই অংশটির দূরত্ব কম হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির সংস্কার সম্পন্ন হলে স্থানীয়দের চলাচলের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। পর্যায়ক্রমে সিংড়ার প্রতিটি মেঠোপথকে টেকসই যোগাযোগের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫নং চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. আব্দুল গাফফার, সাংবাদিক কামাল পাশা,স্থানীয় রাজনৈতিক নেতা মো. আজাদ আলী, মো. রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত কাজটি সম্পন্ন হলে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন।