রূপনগরে অন্তঃসত্ত্বা নারীর ওপর নির্যাতন ও অবহেলার অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আবেদন
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
রাজধানীর রূপনগর এলাকায় স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার এবং অবহেলার গুরুতর অভিযোগ তুলেছেন এক অন্তঃসত্ত্বা নারী।
এ ঘটনায় সুবিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দে শরিয়ত মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়। তিনি বর্তমানে ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
অভিযোগ অনুযায়ী, এ অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার সাথে চরম অসহযোগিতা ও নির্যাতন চালিয়ে আসছে। তাকে স্বামীর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং শ্বশুরবাড়ির সামনে গেলে মারধর ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে অভিযোগপত্রের কপিতে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী নারী আকুতি জানিয়ে বলেন, "আমি ও আমার অনাগত সন্তানের নিরাপত্তা চাই। প্রশাসনের কাছে ন্যায়বিচার ও সহযোগিতা প্রার্থনা করছি।"
ঘটনাটির সুষ্ঠু তদন্ত, সত্যতা যাচাই এবং দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে নিজের ও অনাগত সন্তানের সুরক্ষার জন্য ন্যায়বিচারের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী।