নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর বাজার থেকে ভেন্নাকান্দা চৌরাস্তা বাজার সড়কের ভাঙন ধরা একটি ব্রিজ মাত্র দুই দিনে সংস্কার করা হয়েছে। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির ভাঙন ধরা অংশ সংস্কার করা হয়েছে। স্থানীয়রা জানান, গত শনিবার ব্রিজটির মেঝেতে ভাঙন দেখা দেয়। বিষয়টি নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে সংস্কারকাজ শুরু হয়। সংশ্লিষ্টদের দ্রুত তৎপরতায় দুই দিনের মধ্যেই ব্রিজটির ভাঙন ধরা অংশ সংস্কার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটিতে ভাঙন দেখা দেওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছিল। দ্রুত সংস্কার হওয়ায় সেই শঙ্কা কেটে গেছে। সময়মতো উদ্যোগ নিয়ে ব্রিজটি সংস্কার করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
তবে স্থানীয়দের দাবি, ব্রিজটি বর্তমানে জরুরি ভিত্তিতে সংস্কার করা হলেও ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য এটি পুনর্নির্মাণ করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন তারা।