ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ফিটনেস ও ডায়েট বিষয়ে আলোচনা করেন ফিটনেস এক্সপার্ট ও জিম ট্রেইনার আবু সুফিয়ান তাজ। আত্মরক্ষার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন সেলফ ডিফেন্স এক্সপার্ট ডেভিড আব্রাম।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমানাতুল ইফফাত ফারিশা। এ সময় ডাকসুর আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্রীড়া সম্পাদক তাজকিরুল ইসলাম এবং কবি জসীমউদ্দীন হলের ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। এতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ছাত্রীদের জন্য প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জিমনেসিয়ামটি শিগগিরই উদ্বোধন করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও খেলাধুলার অধিকার নিশ্চিত করতে ডাকসুর ক্রীড়া সম্পাদক কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৬৬ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাদ্যতালিকা প্রস্তুতকারী নারী পুষ্টিবিদদের সম্মাননা স্মারক দেয়া হয়। ডাকসুর পক্ষ থেকে ভিপি সাদিক কায়েম তাদের হাতে স্মারক তুলে দেন।
এ ছাড়া ফায়ার সার্ভিসের উদ্ধার প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থী এবং ছাত্রী হলগুলোতে আয়োজিত সাত দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীদের সনদ দেয়া হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আত্মরক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।