ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্ন পূরণে এবার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
মেধাবী শিক্ষার্থীদের মাস্টার্সে পড়ার সুযোগ দিতে এ বৃত্তি দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফিতে আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি মিলবে একাডেমিক সহায়তা ও আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।
১৫৭৫ সালে প্রতিষ্ঠিত লেইডেন বিশ্ববিদ্যালয় ইউরোপের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ এর অবস্থান ছিল ১৪১তম। বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিস তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৬তম।
বৃত্তির আওতায় টিউশন ফি বাবদ ১০ হাজার থেকে ১৫ হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীরা একাডেমিক পরামর্শক ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সহায়তা পাবেন। নিজের ক্ষেত্রের আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও থাকবে। বৃত্তিটি ভবিষ্যৎ পড়াশোনা ও ক্যারিয়ারে বাড়তি স্বীকৃতি হিসেবে কাজে আসবে।
ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া বা ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্যদেশের নাগরিক নন—এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর লেইডেন বিশ্ববিদ্যালয়ের কোনো মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করা থাকতে হবে। আগের শিক্ষাজীবনে থাকতে হবে ভালো একাডেমিক ফল। আবেদনের সঙ্গে দিতে হবে একটি শক্তিশালী মোটিভেশন লেটার। সেখানে নিজের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্জনের কথা তুলে ধরতে হবে। নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতাও আবেদনে গুরুত্ব পেতে পারে।
প্রথমে লেইডেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বৃত্তির যোগ্যতা ও শর্তগুলো দেখে নিতে হবে। এরপর পছন্দের মাস্টার্স প্রোগ্রাম নির্বাচন করে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি প্রস্তুত করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী কাগজপত্র আপলোড করে বৃত্তির আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। আবেদন ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে লেইডেন বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬