ঢাবিতে ৫০ শহীদ-আহত পরিবারকে সাথে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘নির্ভীক জুলাই’র ভিত্তিপ্রস্তর স্থাপন করল ডাকসু
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বুধবার রাত ৯টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ এবং প্রায় ৫০ জন শহীদ ও আহত পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করা হয়।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। এই আন্দোলনের শহীদরা কেবল একটি সময়ের নয়, সমগ্র জাতির বিবেক। ‘নির্ভীক জুলাই’ শুধু একটি স্থাপনা নয়, এটি হবে আত্মত্যাগ, সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চিরন্তন প্রতীক। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে, কীভাবে সাধারণ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন জীবন দিয়েছে, সেই দায়বদ্ধতা থেকেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘শহীদ পরিবারের প্রতি জাতির ঋণ কখনো শোধ হওয়ার নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ডাকসুর বর্তমান নেতৃবৃন্দর সবসময় জুলাইয়ের চেতনাকে ধারণ করবে এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় প্রতিটি উদ্যোগ অব্যাহত রাখবে। আমরা চাই এই স্মৃতিস্তম্ভে এসে প্রতিটি শিক্ষার্থী সাহস, দেশপ্রেম ও ন্যায়বিচারের প্রেরণা লাভ করুক।’
অনুষ্ঠানে উপস্থিত এক শহীদের মা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমাদের সন্তানরা আর ফিরে আসবে না। কিন্তু তাদের আত্মত্যাগ যদি দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, ভবিষ্যৎ প্রজন্ম যদি তাদের কথা জানে, তাহলে আমাদের কষ্টের মাঝেও কিছুটা সান্ত্বনা থাকবে। এই স্মৃতিস্তম্ভ আমাদের সন্তানদের ত্যাগকে বাঁচিয়ে রাখবে।’
আরেক শহীদের বাবা বলেন, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতি সংরক্ষণ করা জাতির দায়িত্ব।
অনুষ্ঠানে ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির, রায়হান উদ্দীন, রাইসুল ইসলাম, ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।