শিক্ষার্থীদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ও মাদকাসক্তি প্রতিরোধ এবং মেধা বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপজেলা লেখক পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা লেখক পরিষদের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে এবং উপদেষ্টা এ বি সিদ্দিক শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর (উত্তরা পূর্ব থানা) শাখার সহ-সভাপতি ও উপজেলা লেখক পরিষদের উপদেষ্টা মোঃ আশরাফুল ইসলাম মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কবি, গীতিকার ও সুরকার এম এ হান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী রবি, মহিলা বিষয়ক সহ-সাধারণ সম্পাদিকা জান্নাতুল ফেরদৌসী, কোষাধ্যক্ষ আবু তালিব (তুহিন) এবং সাহিত্য সম্পাদক মোঃ আব্দুর রহমান। এছাড়া চ্যানেল এইচডি ২৪-এর জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, নিউজ ২৪-এর উপজেলা প্রতিনিধি মোঃ রায়হানুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে স্মার্টফোনের অপব্যবহার ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে সম্প্রতি ‘সিরাত পাঠ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী ১০০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার হিসেবে বই, ক্রেস্ট, গাছের চারা ও মেডেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্মার্টফোনের অপব্যবহার ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ধর্মীয় জ্ঞানচর্চা, বই পড়া এবং সুস্থ ধারার সংস্কৃতিচর্চার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।