উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা উদ্ধার
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং সীমান্তে জেলের ছদ্মবেশে মাছের ক্যারেটে করে ইয়াবা পাচারের চেষ্টাকালে মালিকবিহীন আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ৬৪ বিজিবির উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পান। সন্দেহ হলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে।
এ সময় ওই ব্যক্তি মাছের ক্যারেটটি ফেলে দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ক্যারেটটি তল্লাশি করেন।
তল্লাশির একপর্যায়ে ক্যারেটের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা রয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলোর মালিক ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিসহ চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে উনচিপ্রাংসহ টেকনাফ সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।