ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ মিছিল আয়োজন ও মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লক্ষিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রহমতুল্লাহ রতন (৪৮) মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রহমতুল্লাহ রতনের বিরুদ্ধে এলাকায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিভিন্ন সময়ে অবৈধ মিছিলের আয়োজন এবং ওইসব মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অভিযান ও মামলা হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে সরকারবিরোধী মিছিল, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ অভিযান পরিচালনা করছে।
এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে মিছিল ও সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হলে তা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে আসছে।
পুলিশ জানান, রাজনৈতিক পরিচয় নয়। অভিযোগ ও মামলার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয় আদালতে বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃত রহমতুল্লাহ রতনকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।