ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-রশীদ, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ নূরুল আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব একেএম হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রেজোয়ান আহম্মেদ রিজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির নেতাকর্মীরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।