গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। তার বয়স হয়েছিল ৩২ বছর।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তাহের শুরুতে ইসরাইলি বাহিনীর ছোড়া গুলিতে আল-আশকার নিহত হন।
পিএফএর দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় চলমান যুদ্ধ শুরুর পর আল-আশকারসহ শত শত ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।
ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।
তার মৃত্যুর খবরে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনি ক্রীড়া অঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফিলিস্তিনি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে আল-আশকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। ক্লাবটি জানায়, ‘ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এমন ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানাচ্ছি।’
তবে এ ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।