সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিচার দাবিতে গাজীপুরে র্যালি ও আলোচনা সভা
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দ্রুত সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভাওয়াল প্রেস ক্লাব, গাজীপুর-এর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (০৭ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় উক্ত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবদুল হালিম মোল্লা। এ সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
ভাওয়াল প্রেস ক্লাবের নেত্রীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দৈনিক যোগফল, বিপিসি বাংলা (BPC Bangla) এবং অগ্রগতি সংবাদ।
কর্মসূচির শেষে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।