"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী এক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬ খ্রিঃ) উপজেলা পরিষদের মিলনায়তনে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট এবং উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিলো। প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে সমবায়ীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সমবায় সমিতির মাধ্যমে শহরের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কীভাবে সৌর বিদ্যুৎ স্থাপন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। উপস্থিত সমবায়ীরা জানিয়েছেন,এই ধরনের তথ্যবহুল প্রশিক্ষণ সমবায় আন্দোলনকে আরো শক্তিশালী করার পাশাপাশি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে ২৫টি সমবায় সমিতির ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।
এই সময়ে প্রশিক্ষক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা সাবরিনা শারমিন,জেলা সমবায় (অঃ দাঃ) কর্মকর্তা আমাত উল ইলাহ খান,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ শাহজাদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ জহির আব্বাস খান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ রাহাত ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সন্টু প্রমুখ।