মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন পাওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)
মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন লাভ করায় সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে সংবর্ধনা দিয়েছেন সহকর্মীরা।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)-এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
এসময় উপস্থিত ছিলেন টেসাসের আহ্বায়ক মমতাজুল ইসলাম মনু, সদস্য সচিব ছৈয়দুল আমিন চৌধুরী, সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ তাহের নাঈম, হুমায়ুন রশিদ, শামসুল আলম শারেক, রমজান উদ্দিন পটল, জিয়াউর রহমান জিয়া, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন এবং আব্দুল্লাহ আল সম্রাটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জসিম উদ্দিন টিপু টেকনাফের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। সংবাদ প্রকাশের পাশাপাশি সংবাদের অন্তর্নিহিত বাস্তবতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, টেকনাফের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সম্প্রতি ইউনিয়ন বিভাজন ইস্যুতে তাঁর প্রকাশিত কয়েকটি সচিত্র প্রতিবেদন ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
তাদের দাবি, এসব প্রতিবেদন প্রকাশের জের ধরেই হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট একটি ঘটনায় তাঁকে আসামি করা হয়েছে, যা তারা মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেন।
টেসাস নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক জসিম উদ্দিন টিপুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে টেকনাফের সাংবাদিক সমাজ গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।