সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগদানের পর থেকেই নিজের পরিশ্রম, কর্মদক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। ১১ মার্চ ২০২৪ তারিখে এই উপজেলায় যোগদানের পর থেকে দাপ্তরিক সেবা প্রদান ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এক নতুন গতিশীলতা এসেছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সেবায় আমলাতান্ত্রিক জটিলতা ও ভোগান্তি দূর করতে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নিয়েছেন এই কর্মকর্তা। প্রবীণ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা প্রাপ্তি সহজীকরণে ডিজিটাল ব্যবস্থার সঠিক প্রয়োগ নিশ্চিত করা হয়েছে। সরকারি সুবিধাভোগীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
বর্তমানে এই কার্যালয়ের অধীনে ১৯ হাজার ৪০৩ জন বয়স্ক ভাতা, ১০ হাজার ৯৫৭ জন প্রতিবন্ধী ভাতা, ৭ হাজার ৭৯২ জন বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, ২৮৫ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, ৫৬ জন অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, ৫৩ জন অনগ্রসর শিক্ষা ভাতা এবং ২৬ জন হিজড়া ভাতা পাচ্ছেন। একই সাথে, জটিল ও মারাত্মক ৭টি রোগে আক্রান্ত রোগীদের জন্য এককালীন ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রকৃত প্রতিবন্ধীদের দ্রুত চিহ্নিত করে সুবর্ণ কার্ড প্রদান, সুবিধাবঞ্চিত ও বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সমাজসেবা বিভাগের সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা এবং সরাসরি গণশুনানির মাধ্যমে সাধারণ সেবাগ্রহীতাদের অভিযোগ ও সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেছেন তিনি।
কাজের প্রতি নিষ্ঠা ও সময়ানুবর্তিতার মাধ্যমে অফিসের দাপ্তরিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এনেছেন রফিকুল ইসলাম। মাঠপর্যায়ে নিজে উপস্থিত হয়ে প্রকৃত দুস্থ ও অসহায়দের খুঁজে বের করে সরকারি সহায়তার আওতায় আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। সেবা নিতে আসা স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন,পূর্বে যেসব কাজের জন্য একাধিকবার কার্যলয়ে যাতায়াত করতে হতো, তা এখন হয়রানিমুক্তভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে। কর্মকর্তা হিসেবে তাঁর সহমর্মিতাপূর্ণ আচরণ ও সহজলভ্যতা সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে। সরকারি সেবাকে প্রথাগত আমলাতন্ত্রের বাইরে এনে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সমাজসেবা অধিদপ্তরের মূল লক্ষ্য। পরিশ্রম ও দায়িত্ববোধের সমন্বয়ে উল্লাপাড়া উপজেলায় সেই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছেন এই কর্মকর্তা।