ক্লান্তিহীন পরিশ্রম, প্রশাসনিক দৃঢ়তা এবং সেবামূলক মানসিকতা—এই তিনটির সমন্বয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা চিত্রে এসেছে লক্ষণীয় পরিবর্তন। আর এই ইতিবাচক পরিবর্তনের পেছনে মূল ভূমিকা পালন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোঃ মোনেয়ার হোসেন। তাঁর কর্মদক্ষতা ও সুসংগঠিত নেতৃত্বে হাসপাতালটি এখন প্রান্তিক মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে।
হাসপাতালে আগত রোগীদের মাধ্যমে জানা গিয়েছে, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মোঃ মোনেয়ার হোসেন যোগদানের পর থেকেই চিকিৎসাসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর নিয়মিত তদারকি ও তড়িৎ সিদ্ধান্তের ফলে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত হওয়ার পাশাপাশি বহির্বিভাগ (OPD) ও জরুরি বিভাগে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। হাসপাতালের চিকিৎসা সেবার পরিবেশ উন্নত করার পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন। দালাল চক্রের প্রাদুর্ভাব রোধ, জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং প্যাথলজিক্যাল ল্যাব ও এক্স-রে সেবাকে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রেখে সার্বক্ষণিক চালু রাখতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। ডা. মোঃ মোনেয়ার হোসেনের গতিশীল নেতৃত্বে জাতীয় বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি—যেমন টিকাদান অভিযান, মাতৃস্বাস্থ্য সেবা, পুষ্টি কার্যক্রম এবং সংক্রামক ব্যাধি প্রতিরোধে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলায় শীর্ষস্থানীয় সাফল্য অর্জন করেছে। কেবল প্রশাসনিক দায়িত্ব পালনই নয়, অনেক সময় স্বশরীরে উপস্থিত থেকে জটিল রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে দেখা গেছে তাঁকে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা স্থানীয় সাধারণ মানুষ জানিয়েছেন, "আগে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নানা প্রশাসনিক ও সেবামূলক সমস্যায় পড়তে হতো। তবে ডা. মোনেয়ার হোসেন দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে। এখন চিকিৎসক ও স্টাফদের থেকে প্রয়োজনীয় সেবা সহজে পাওয়া যায়।" এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোনেয়ার হোসেন বলেছেন, "চিকিৎসাসেবা নোবেল পেশা। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য ও দায়িত্ব। উল্লাপাড়ার সর্বস্তরের মানুষকে সেরা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করেছি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করতে।" স্থানীয় সচেতন মহল মনে করেছেন, ডা. মোঃ মোনেয়ার হোসেনের মতো সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে থাকলে দেশের স্বাস্থ্য খাতের চিত্র সম্পূর্ণ বদলে যাবে।