ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন বাঘ দুটির ছবি ধারণ করে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নদীর ওপারে চিতাবাঘ দুটি কিছু সময় অবস্থানের পর পাশের একটি চা-বাগানে চলে যায়। কিশোর জুবায়েরের তোলা ছবিতে বাঘ দুটির উপস্থিতি দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে সীমান্তের কাছাকাছি এমন বন্য প্রাণীর উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, নদী পার হয়ে বাঘ দুটি বাংলাদেশের অভ্যন্তরে চলে আসতে পারে।
তবে বাঘ দুটি বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছে, সেগুলো আদৌ চিতাবাঘ কি না এবং সীমান্ত অতিক্রমের কোনো আশঙ্কা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বন বিভাগ ও সীমান্তরক্ষী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।