আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ নম্বর গাঁওকান্দিয়া ইউনিয়নে ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়া। তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় শাহজাহান মিয়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও প্রায় ১৭ বছর ধরে তিনি কায়সার কামালের সঙ্গে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
সম্প্রতি গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন শাহজাহান মিয়া। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিকদের প্রত্যাশা ও ইউনিয়নের উন্নয়ন নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগও জোরদার করছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে শাহজাহান মিয়া দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছে।
এর আগে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন বলে তাঁর সমর্থকেরা জানান। এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন তিনি।
শাহজাহান মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে গাঁওকান্দিয়ার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, মানুষের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”
এদিকে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ায় গাঁওকান্দিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা। শেষ পর্যন্ত প্রার্থীতা ও নির্বাচনী সমীকরণ কী দাঁড়ায়, তা নিয়েই এখন স্থানীয়দের আগ্রহ।