নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা সদরদপ্তর জনগণের সার্বিক সুবিধা বিবেচনা করে যৌক্তিক ও মধ্যবর্তী স্থান হিসেবে পাগলা থানার পাশে স্থাপনের জোরালো দাবি জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১:০০ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বক্তারা। ‘দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্য’এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সাধারণ মানুষের যাতায়াত সুবিধা, প্রশাসনিক কাজের গতিশীলতা এবং এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে উপজেলা সদরদপ্তর স্থান নির্ধারণ করা অত্যন্ত জরুরি। পাগলা থানার পার্শ্ববর্তী এলাকাটি ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে দক্ষিণ গফরগাঁওয়ের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে সদরদপ্তর স্থাপিত হলে সর্বস্তরের জনগণ সমান সুফল পাবেন।
বক্তারা বলেন, অসংগতিপূর্ণ বা দূরবর্তী স্থানে সদরদপ্তর স্থাপন করা হলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হবে। তাই জনস্বার্থে উপজেলা সদরদপ্তর স্থাপনে নিরপেক্ষ ও যৌক্তিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে 'দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্য'-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।