টিউশনের অদ্ভুত শর্ত: নাস্তায় ডিম আর সপ্তাহে একদিন গরুর মাংসের ডিনার চান প্রফেসর নাজমুল
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক গৃহশিক্ষকের টিউশন বিজ্ঞাপনের ছবি, যা দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মাঝে। বিজ্ঞাপনে পড়াশোনার যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে শিক্ষকের খাবারের ফর্দ ও অন্যান্য অদ্ভুত সব শর্ত।
‘প্রফেসর নাজমুল’ নামের এক ব্যক্তি নিজেকে ‘সব বিষয়ে পণ্ডিত’ দাবি করে বাসায় গিয়ে ছাত্রী পড়ানোর জন্য এই লিফলেটটি তৈরি করেছেন।
বিজ্ঞাপনে উল্লেখ করা শর্তাবলী নিচে দেওয়া হলো:
খাবারের আবদার:
পড়াশোনার বিনিময়ে পারিশ্রমিকের পাশাপাশি নাস্তায় বাধ্যতামূলকে ডিম দিতে হবে। শুধু তা-ই নয়, সপ্তাহে অন্তত এক দিন গরুর মাংস দিয়ে রাতের খাবার (ডিনার) করানোর অদ্ভুত দাবি রাখা হয়েছে।
শিক্ষার্থীর ক্যাটাগরি:
বিজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, শিক্ষক কেবল ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স ২য় বর্ষ পর্যন্ত পড়াবেন, এবং তা "শুধু মেয়েদের"।
যোগাযোগের শর্ত:
আগ্রহীদের সরাসরি ফোন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ দ্রষ্টব্যে লেখা রয়েছে— "ডাইরেক্ট কল দিবেন, মিস কল কাম্য নয়।"
অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে কোনো রসাত্মক কন্টেন্ট বা প্রচার পাওয়ার কৌশল বলে মনে করছেন। আবার অনেকেই শিক্ষার মতো একটি গম্ভীর বিষয় নিয়ে এমন অদ্ভুত ও অপেশাদার শর্তের সমালোচনা করছেন।