নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে গভীর রাতে এক স্কুল দপ্তরীর চারটি খড়ের পালায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে তিনটি খড়ের পালা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, আর একটি পালা স্থানীয়দের চেষ্টায় রক্ষা পায়।
শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আয়েশ গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. মিন্টু আকন্দ আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে খড়ের পালায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী ঘুম থেকে জেগে ওঠেন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা মোটরচালিত পানির পাম্পের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের প্রচেষ্টায় একটি খড়ের পালা রক্ষা করা সম্ভব হলেও বাকি তিনটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তের প্রতিবেশী ও গ্রাম্য চিকিৎসক হাবিবুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। তাই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকি একটি পালার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
ক্ষতিগ্রস্ত মিন্টু আকন্দ জানান, “কিছুদিন আগে খড় ব্যবসায়ীরা আমার চারটি খড়ের পালার দাম ২ লাখ ২০ হাজার টাকা বলেছিল। আরও ভালো দামের আশায় তখন বিক্রি করিনি। এর মধ্যেই আমার এমন সর্বনাশ হয়ে গেল। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।