সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আকবর র্যাবের হাতে গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ার আলোচিত একটি হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে বাঁচা (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস, হত্যা, অপহরণ, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘বাংলাদেশ আমার অহংকার’—এই স্লোগানকে ধারণ করে বাহিনীটি অপরাধীদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় গত ৪ জুলাই ২০২৬, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে র্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারসংলগ্ন ‘সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে সাতকানিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে বাঁচাকে গ্রেফতার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরদুয়ারা এলাকার আব্দুর রশিদের ছেলে।র্যাব সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ তারিখে দায়ের হওয়া সাতকানিয়া থানার একটি নৃশংস হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ঘটনার পর থেকেই আকবর হোসেন আত্মগোপনে ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে অবস্থান করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে সফল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব জানিয়েছে, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।