হবিগঞ্জ সদর মডেল থানায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন এ মামলা করেন।
মামলার এজাহারে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। ওই সময় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করা হয়।
এজাহারে আরও বলা হয়, হামলায় জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল ও ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়, বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনতাই করা হয়।
বাদীর দাবি অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায় এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে অভিযুক্ত এনসিপি নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।