জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ ও গ্যাস ছাড়াই রান্নার বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করে আলোচনায় এসেছেন নাটোরের সিংড়ার তরুণ উদ্যোক্তা ও খুদে বিজ্ঞানী আনোয়ার হোসেন। পরিত্যক্ত পোড়া বা ব্যবহৃত মবিল দিয়ে তিনি তৈরি করেছেন ব্যতিক্রমী এক রান্নার চুলা। তাঁর দাবি, মাত্র এক লিটার ব্যবহৃত মবিল দিয়ে একটি ছোট পরিবারের পাঁচ থেকে সাত দিন রান্নার কাজ চালানো সম্ভব।
চুলাটির নাম দিয়েছেন ‘সাশ্রয়ী চুলা’। এর দাম নির্ধারণ করেছেন মাত্র ৩ হাজার টাকা। স্বল্প খরচে তৈরি এই চুলা নিয়ে ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। চুলাটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ তাঁর ওয়ার্কশপে ভিড় করছেন।
আনোয়ার হোসেনের বাড়ি সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে। উপজেলার বিয়াশ চারমাথা মোড়ে তাঁর নিজস্ব ওয়ার্কশপে তৈরি হচ্ছে এই চুলা।
আনোয়ার হোসেন জানান, বর্তমান সময়ে জ্বালানি সংকট, বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এবং গ্যাসের বাড়তি দামের কারণে সাধারণ মানুষকে রান্নার কাজে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই স্বল্প খরচে বিদ্যুৎ ও গ্যাসের বিকল্প হিসেবে একটি চুলা তৈরির পরিকল্পনা করেন তিনি। সেই ভাবনা থেকেই পোড়া বা ব্যবহৃত মবিল ব্যবহার করে এই চুলা তৈরি করেছেন।
তিনি বলেন, এক লিটার পোড়া বা ব্যবহৃত মবিল দিয়ে একটি ছোট পরিবারের পাঁচ থেকে সাত দিন রান্নার কাজ চালানো যাবে। বর্তমানে এক লিটার ব্যবহৃত মবিলের দাম প্রায় ৮০ টাকা। ফলে এটি ব্যবহার করতে পারলে রান্নার জ্বালানি খরচ অনেকটাই কমানো সম্ভব।নিজের তৈরি চুলা বিক্রির বিষয়ে আনোয়ার বলেন, এ পর্যন্ত ১৫টি চুলা তৈরি করেছি। প্রতিটি চুলার দাম রেখেছি ৩ হাজার টাকা। ইতোমধ্যে প্রায় সবগুলোই বিক্রি হয়েছে। মানুষের আগ্রহ ও চাহিদা বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন অর্ডার পাচ্ছি।স্থানীয়ভাবে উদ্ভাবিত এই চুলা ঘিরে মানুষের আগ্রহ বাড়লেও এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পোড়া মবিল ব্যবহারের ফলে নির্গত ধোঁয়া, বায়ুদূষণ, স্বাস্থ্যঝুঁকি এবং অগ্নিনিরাপত্তার বিষয়গুলো বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি মূল্যায়ন ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে উদ্ভাবনটির প্রকৃত কার্যকারিতা নিশ্চিত করা গেলে এটি নিয়ে আরও সম্ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে।