সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করে প্রায় ৪০ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এতে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ মমতাজ উদ্দীন সরকার (৭৪)। মাছ নিধনের প্রতিবাদ করতে গিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার গুনগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পাশাপাশি লিখিত অভিযোগও পেয়েছে তারা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গুনগাতী গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দীন সরকার দীর্ঘদিন ধরে নিজের ৯৪ শতক আয়তনের পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরটির খতিয়ান নম্বর ২৭১ এবং দাগ নম্বর ১২৬৬। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে প্রতিপক্ষের লোকজন পুকুরে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করেন। এতে পুকুরের প্রায় ৪০ মণ মাছ মারা যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
পরিবারটির দাবি, সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে তাঁরা হতবাক হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে মমতাজ উদ্দীন সরকার মাছ মেরে ফেলার কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হন। এ সময় তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুকুরে মাছ চাষ, দেখাশোনা কিংবা মাছ ধরতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
একদিকে মাছ চাষের পুঁজি হারানোর আর্থিক ক্ষতি, অন্যদিকে নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে প্রবীণ মমতাজ উদ্দীন ও তাঁর পরিবারের। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত হবে, এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।