রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিএন গার্লস হাই স্কুলের মৌলভি শিক্ষক মাওলানা রজব আলী (৫৬) আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা রজব আলীর মৃত্যুতে রাণীশংকৈলের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মরহুম রজব আলী ছিলেন বিনয়ী, সদালাপী ও মিষ্টভাষী হিসেবে সর্বমহলে পরিচিত। শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা এবং মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাঁকে স্থানীয়দের কাছে অত্যন্ত আপন করে তুলেছিল।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি খাদ্যনালি ও কিডনিজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার প্রাইম মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর সর্বশেষ বগুড়ার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাণীশংকৈলের নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর দীর্ঘ শিক্ষকতা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণের স্মৃতি স্থানীয়দের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকায় একজন শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও অমায়িক মানুষকে হারানোর শূন্যতা তৈরি হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।