যশোরের কেশবপুরে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলুর বিরুদ্ধে। এ ঘটনায় দুই সন্তানের জননী মোছা. আশা খাতুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল কেশবপুরের মধ্যকূল খানপাড়ার ওয়াজেদ আলী খান ডবলু ও মহাদেবপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাক শেখের মেয়ে আশা খাতুনের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ২০২৫ সালের ১০ মে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
অভিযোগে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পর আবারও আশার সঙ্গে যোগাযোগ শুরু করেন ডবলু। একপর্যায়ে তাঁকে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দেন। তাঁর কথায় বিশ্বাস করে আশা আবারও সাবেক স্বামীর বাড়িতে ফিরে যান।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁকে নির্যাতন করা হয়। ভুক্তভোগীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডবলু তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
ভুক্তভোগী আশা খাতুন অভিযোগ করেন, ডবলু তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করেছেন। তাঁর দাবি, ডবলুর একাধিক বিয়ে রয়েছে এবং তিনি ১৩টি বিয়ে করেছেন। কেশবপুরে ডবলু প্রভাবশালী নেতা হওয়ায় স্থানীয়ভাবে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা থেকে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।
এ ঘটনায় ওয়াজেদ আলী খান ডবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি দায়ের করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত ওয়াজেদ আলী খান ডবলুর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।