নিজস্ব প্রতিবেদক
বন্যার পানি নেমে গেলেও মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার প্রয়োজন শেষ হয়ে যায় না আর সেই কঠিন সময়ে সীতাকুণ্ডের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ হেলথটেকের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’। শনিবার, ৮ আগস্ট ২০২৬, সীতাকুণ্ডের বহরপুরে মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা (MFSS) এর উদ্যোগে এবং সুখীর সহযোগিতায় আয়োজিত বন্যা পরবর্তী দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় মানুষ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে গ্রহণ করেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড। তবে সুখীর সম্পৃক্ততা শুধু এক দিনের চিকিৎসাসেবায় সীমাবদ্ধ নয়। একজন মানুষ যেন বন্যা পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেই লক্ষ্য সামনে রেখে “কানেক্টেড কেয়ার” এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী অনলাইন চিকিৎসা পরামর্শ, ওষুধ সহায়তা, রেফারেল ও পরবর্তী ফলোআপের সঙ্গে রোগীদের যুক্ত রাখার সুযোগ তৈরি করা হচ্ছে। প্রযুক্তির সঙ্গে মানবিক স্বাস্থ্যসেবার সমন্বয় ঘটিয়ে রোগীর প্রয়োজন থেকে শুরু করে পরবর্তী পরিচর্যা পর্যন্ত ধারাবাহিকভাবে পাশে থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই মানবিক আয়োজনে সভাপতিত্ব করেন MFSS-এর সভাপতি কাউসার আহমেদ সরোয়ারী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক শামীমা নাসরীন, উপদেষ্টা মহিন উদ্দিন সহ আরও অনেকে। সুখীর পক্ষ থেকে অনলাইনে যুক্ত ছিলেন চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা. হোসাইন মো. আল আমিন এবং তাঁর টিম। বন্যার মতো দুর্যোগে যখন স্বাভাবিক স্বাস্থ্যসেবায় পৌঁছানো অনেক মানুষের জন্য কঠিন হয়ে পড়ে, তখন সরাসরি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরবর্তী চিকিৎসাসেবার সঙ্গে মানুষকে যুক্ত রাখার এই উদ্যোগ সীতাকুণ্ডে সুখীর অংশগ্রহণ সেই মানবিক ও ধারাবাহিক “কানেক্টেড কেয়ার” এরই প্রতিফলন।