রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে টানা দুই দিন হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে পবা উপজেলার খড়খড়ি এলাকায় অবস্থিত একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে উপকেন্দ্রের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরপর দুই দিনের হামলায় উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত খড়খড়ি উপকেন্দ্রের কার্যালয়ে প্রবেশ করে। তারা সেখানে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একই সঙ্গে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে নিক্ষেপ করা পেট্রোল বোমার মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণের ফলে একটি ট্রান্সফরমারে আগুন ধরে গেলে দায়িত্বে থাকা লাইনম্যান ও অন্য কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। হামলার পর উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগের দিনের হামলার পর উপকেন্দ্রটির নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়।
তিনি আরও জানান, প্রথম দিন উপকেন্দ্রে দুজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করলেও পরদিন এ সংখ্যা বাড়িয়ে চারজন করা হয়। এ ছাড়া পুলিশ প্রশাসনকে টহল ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল। ঘটনার সময় উপকেন্দ্রের কর্মীরা পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর মধ্যেই দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে যায়।
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির জানান, পরপর দুই দিনের হামলায় বিদ্যুৎকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা থাকলেও হামলাকারীরা মুখোশ পরা থাকায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত খড়খড়ি কার্যালয়ে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। এ ধরনের পরিস্থিতিতে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, আগের দিনও ওই উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে সেদিন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দ্বিতীয় দিনের হামলায় পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
পরপর দুই দিনের এ হামলার ঘটনায় উপকেন্দ্রের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল রাখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা