জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সঙ্গে একাত্মতা প্রকাশ করে নাটোরে দুই হাজার পথচারীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) নাটোর পুরাতন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক।
সভাপতির বক্তব্যে মো. জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল বলেন, “তীব্র দাবদাহ থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও নিরাপদ নাটোর গড়ে তুলি। পরিবেশ রক্ষায় তরুণদের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি।”
এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ জানান, পরিবেশ সংরক্ষণে সংগঠনটির উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিনামূল্যে মানসম্মত গাছের চারা পেয়ে পথচারী, রিকশাচালকসহ সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে তারা চারাগুলোর সঠিক পরিচর্যা করে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।