আসিফ খান দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে মাত্র এক পয়েন্টের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বিদ্যালয়টির কাবাডি দল। এর আগে সাঁতার প্রতিযোগিতাতেও বিদ্যালয়টির দুই শিক্ষার্থী চ্যাম্পিয়ন হয়ে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুর্গাপুরের ডনবস্কো কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, দুর্গাপুর, নেত্রকোনার আয়োজনে উপজেলা পর্যায়ের সাঁতার, কাবাডি, দাবা ও হ্যান্ডবল প্রতিযোগিতার বালক ও বালিকা দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কাবাডি প্রতিযোগিতার ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দলীয় সমন্বয়, কৌশল ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের মোকাবিলা করে তারা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট উচ্চ বিদ্যালয়কে ১৬-১৫ পয়েন্টে হারিয়ে এক পয়েন্টের ব্যবধানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়টির ক্রীড়া সাফল্যের ধারাবাহিকতায় এর আগে গত ১ আগস্ট অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. মনির হোসেন ও আরাফাত হোসেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাবাডিতে দলীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি সাঁতারেও দুই শিক্ষার্থীর এই সাফল্যে বিদ্যালয়টির ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা শুধু লেখাপড়ায় নয়, খেলাধুলাতেও নিজেদের যোগ্যতা প্রমাণ করছে—এটি আমাদের বিদ্যালয়ের জন্য বড় একটি অর্জন। বিশেষ করে কাবাডির ফাইনালে শিক্ষার্থীরা যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সাহস ও দলীয় সমন্বয়ের পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। একই সঙ্গে সাঁতারে আমাদের দুই শিক্ষার্থীর চ্যাম্পিয়ন হওয়াও অত্যন্ত আনন্দের বিষয়। আমি কাবাডি ও সাঁতারের সব খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এই সাফল্য শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। আমরা চাই, কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে উপজেলা পেরিয়ে জেলা ও জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখুক।”
প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং গ্রামাঞ্চলে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রিপনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টরা।
সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। কাবাডিতে চ্যাম্পিয়ন এবং সাঁতারে দুই শিক্ষার্থীর চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের আবহ।